দুবাই থেকে দেশে ফেরার পথে নূর হোসেন নামের এক যাত্রীর লাগেজে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান ও বিভিন্ন শুল্কযোগ্য পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শ্রীলঙ্কা হয়ে দুবাই থেকে আসা একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির লাগেজে তল্লাশি চালানো হয়।
কর্তৃপক্ষের তথ্যমতে, এয়ারগানটি ভেঙে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে কৌশলে লুকিয়ে আনা হয়েছিল, যাতে সাধারণ স্ক্যানিংয়ে সহজে ধরা না পড়ে। পাশাপাশি তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম স্বর্ণের গহনা, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যসামগ্রী ও দুই লিটার পারফিউম জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি এসব পণ্য বহন করছিলেন। বিষয়টি অধিকতর তদন্তের জন্য তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
হাসনাতের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্র ও শুল্ক ফাঁকির বিষয়ে পৃথকভাবে তদন্ত করা হবে।’
এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই এই কর্মকর্তা।
