আঙ্কেল আপনি রোজা রাখেন, প্রধানমন্ত্রীকে প্রশ্ন শিশুর
কালবেলা প্রতিবেদক 8 প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শুক্রবার রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে বেরিয়ে সেখানে শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে এক শিশু বলে বসে, ‘আঙ্কেল, আপনি রোজা রাখেন?’ শিশুটির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রীও বললেন, ‘আমি? আমি তো রোজা রাখি।’ এরপর একে একে অন্য শিশুদের সঙ্গেও হাত মেলান প্রধানমন্ত্রী। কারও মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, ‘তোমরা রোজা রাখো?’ সমস্বরে শিশুদের জবাব, ‘আমরাও রাখি।’ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মসজিদে নারীদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন। এ সময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, ‘আঙ্কেল, আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘তাই!’ অন্য পাশ থেকে আরেক শিশু বলে ওঠে, ‘আঙ্কেল, আমি সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘ভেরি গুড।’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে হাসি-খুশিতে মেতে ওঠে শিশুরা। পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে এ মসজিদেই জুমার নামাজ পড়ছেন তারেক রহমান।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
কালবেলা মিডিয়া লিমিটেডের একটি প্রকাশনা।
স্বত্ব © ২০২৬ কালবেলা মিডিয়া লিমিটেড